শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানান প্রতিমন্ত্রী।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারি: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তার সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়েও ইতিবাচক আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। সম্ভাব্য পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার সম্ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, দেশের শান্তিরক্ষীদের দক্ষতা মুসলিম দেশগুলোর সেবায় এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে কাজে লাগানোর সুযোগ রয়েছে।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সরকারের কাছে অগ্রাধিকার পাবে বলেও উল্লেখ করেন হুমায়ুন কবির। শ্রমিক নিয়োগ ব্যবস্থাপনা এবং শ্রমিক ও নিয়োগকর্তাদের স্বার্থ সুরক্ষায় সৌদি আরবের সহযোগিতার প্রশংসা করেন তিনি।
প্রতিমন্ত্রীর ভাষ্য, বাংলাদেশ চায়, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের শুধু শ্রমশক্তি হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে মূল্যায়ন করা হোক।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যরা।











