,

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগ সামনে আসার পর শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
শনিবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শুরুর ঠিক আগমুহূর্তে তা স্থগিত করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা পরীক্ষার্থীরা বিপাকে পড়েন। পরে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা।
রাজধানীর মতিঝিল বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয়, খিলগাঁও মডেল কলেজ, শাপলা চত্বরসহ বিভিন্ন কেন্দ্রের আশপাশে পরীক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। তারা প্রশ্নফাঁসের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি এবং নিয়োগ পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, পরীক্ষার শেষ মুহূর্তে স্থগিতের সিদ্ধান্তে তারা চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকে দেশের দূরবর্তী অঞ্চল থেকে ধারদেনা করে ঢাকায় এসেছেন। দীর্ঘ যাত্রার পর পরীক্ষা দিতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় তারা হতাশ। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তারা।
রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা সিলেটের এক প্রার্থী জানান, পরীক্ষা শুরুর মাত্র এক মিনিট আগে বাতিলের খবর পান তারা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণেই পরীক্ষা স্থগিত হয়েছে বলে শুনেছেন তিনি।
আরেক পরীক্ষার্থী জানান, প্রশ্নপত্র বিতরণের সময় শিক্ষকেরা ফাঁসের অভিযোগের কথা জানিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা দেন।
বিক্ষোভকারীরা দ্রুত তদন্ত শেষ করে অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক জানান, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ১১তম গ্রেডের ২৪২টি শূন্য পদের বিপরীতে শনিবার সকাল ১১টায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান জানান, ফেসবুকে প্রশ্নফাঁসের অভিযোগসংবলিত একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রকাশিত অংশের সঙ্গে মিল পাওয়া গেছে। তবে পুরো প্রশ্নপত্র প্রকাশ করা হয়নি বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে