‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক
অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির করার পর লিফট ব্যবহার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এ হাজির করা হলে পলক বলেন, তাঁকে পেছনে হাতকড়া পরিয়ে সিঁড়ি দিয়ে ছয়তলা পর্যন্ত ওঠানো হয়েছে। মানবিক দিক বিবেচনায় হাতকড়া সামনে পরানোর ব্যবস্থা করার জন্য আদালতের কাছে অনুরোধ জানান তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে পলক বলেন, আদালতে ওঠানামার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন। পরে আদালত থেকে নামার সময় তিনি প্রশ্ন করেন, ‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি দাবি করেন, আদালতে আনার সময় লিফট চালু থাকা সত্ত্বেও আসামিদের সিঁড়ি ব্যবহার করতে হয়েছে। তিনি আরও বলেন, আসামিদের ব্যবহৃত হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেটের অবস্থাও ভালো নয়। এতে তাদের শারীরিক সমস্যার আশঙ্কা রয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, মামলার দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ কারণে মামলার শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, এদিন কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় মোট ৩৪ আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছেন এবং ২০ জন পলাতক।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। এ ঘটনায় তাঁর মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং ছাত্রলীগের সাবেক নেতাসহ আরও অনেকে রয়েছেন।











