কেমিক্যাল শিল্পে বড় সম্ভাবনা দেখছেন পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কেমিক্যাল শিল্প গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে দেশের গার্মেন্টস খাতকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বুটেক্সে আয়োজিত ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশের শিল্পখাতকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক বাজারের মতো দেশেও টেক্সটাইল পণ্যের চাহিদা বাড়ানোর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে কেমিক্যাল শিল্প প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে বড় ধরনের সুযোগ রয়েছে।
টেক্সটাইল শিল্পে পানির ব্যবহারের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পানি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তাই শিল্পকারখানায় পানির অপচয় রোধের পাশাপাশি এর সঠিক ও পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বুটেক্স থেকে প্রশিক্ষিত ও দক্ষ পেশাজীবীদের দেশ-বিদেশে চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, টেক্সটাইল খাতের ভবিষ্যৎ উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি শিল্পের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ আরও বাড়াতে হবে।











