স্বামী-স্ত্রীকে দূরে বদলি ‘খামখেয়ালিপনা’: রিজভী
অনলাইন ডেস্ক : চাকরির প্রয়োজনে স্বামী-স্ত্রীকে দেশের দুই প্রান্তে বদলি করাকে আমলাতান্ত্রিক জটিলতা ও উদাসীনতা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, স্বামীকে এক এলাকায় রেখে স্ত্রীকে বান্দরবান বা নাইক্ষ্যংছড়ির মতো দূরবর্তী স্থানে বদলি করা কোনোভাবেই যৌক্তিক নয়। এতে পারিবারিক জীবনে নানা ধরনের সংকট তৈরি হয়। বিশেষ করে শিক্ষকদের বদলির ক্ষেত্রে স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, একই পরিবারের স্বামী-স্ত্রী দুজন সরকারি চাকরিতে থাকলে তাদের কর্মস্থল কাছাকাছি রাখার বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে নীতিমালা রয়েছে। তবে শিক্ষকদের বদলির সময় অনেক ক্ষেত্রেই বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয় না। এমন সিদ্ধান্ত থেকে পারিবারিক জটিলতা তৈরি হয়, যা বন্ধ করা দরকার।
শিক্ষকদের বিভিন্ন দাবির প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর তাদের বেশ কিছু যৌক্তিক দাবি পূরণ হয়েছে। এখনো যেসব দাবি বাস্তবসম্মত ও ন্যায্য, সেগুলোও সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষকদের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে রিজভী বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষকদের ন্যায্য দাবি ও জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে বলে তিনি আশা করেন।
দেশের শিক্ষাব্যবস্থার অতীত পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, অতিরিক্ত রাজনৈতিক প্রভাব শিক্ষার গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করেছে। শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতা যাচাই না করেই পাসের হার বাড়ানোর প্রবণতাও শিক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করেছে।
রিজভী বলেন, শিক্ষা শুধু বাংলা, ইংরেজি কিংবা গণিতের পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীকে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলির শিক্ষা দেওয়াও এর গুরুত্বপূর্ণ অংশ। একটি জাতির ভবিষ্যৎ শক্তিশালী করতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি।
শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে গুণগত পরিবর্তনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ শিক্ষক ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।











