ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দেশের স্বার্থ রক্ষায় ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা প্রত্যাশা করে। পানি বণ্টন নিয়ে বাংলাদেশের অবস্থানের পক্ষে আন্তর্জাতিক আইনের ভিত্তি রয়েছে। একই সঙ্গে দেশের মানুষের প্রত্যাশা ও সমর্থনও আলোচনায় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করছে।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পানি ইস্যুতে দুই দেশের সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নিয়মিত ও কার্যকর সংলাপের ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এ উদ্দেশ্যে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং আলোচনার জন্য ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।
দুই দেশের পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম পাওয়া গেলে বাংলাদেশের প্রতিনিধিরা তাদের সঙ্গে আলোচনা শুরু করতে পারবেন। এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, শিগগিরই ভারত এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে। এরপর আলোচনার মাধ্যমে পরবর্তী পর্যায়ের পানি চুক্তি নবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমেই বন্ধুত্বপূর্ণ সমাধান বের করা সম্ভব। কূটনীতি ও সংলাপের পথেই এ ধরনের জটিল বিষয় সমাধান করতে হবে।
পানি ভাগাভাগির ক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে বাংলাদেশের আলোচনার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।











