,

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে মিছিল করেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মঙ্গলবার সংসদ ভবন এলাকা থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর ‘নির্বাচন সদন’-এর দিকে যাত্রা করেন বিরোধী দলের নেতারা। মিছিলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

সংসদ স্ট্রিট থেকে মিছিলটি এগিয়ে যাওয়ার সময় নীতি আয়োগের কাছে নিরাপত্তাকর্মীরা বিরোধী সংসদ সদস্যদের আটকে দেন। পরে তারা সড়কে বসে প্রতিবাদ শুরু করেন। একপর্যায়ে রাহুল গান্ধী ও তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানান।

প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে একটি বাসে তোলা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি রাহুল গান্ধীর সঙ্গে আকাশবাণী ভবনের ফটকের কাছে অবস্থান নেন। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডা পুলিশের বাধা অতিক্রম করে আকাশবাণী ভবনের চত্বরে প্রবেশ করেন।

এদিকে অখিলেশ যাদব, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের আরও কয়েকজন নেতাকে আটক করে বাসে তুলে নেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

মিছিলকারীদের হাতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আরএসএসের পোশাক পরা ছবি-সংবলিত কাটআউট দেখা যায়। তারা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন। রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।

বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম-৬ নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ফর্মটির সঙ্গে যুক্ত অতিরিক্ত ঘোষণাপত্র নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণকে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরছেন তারা।

কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সিপিআইয়ের সংসদ সদস্য পি সান্দোষ কুমার দাবি করেন, ফর্ম-৬ নিয়ে আদালতের পর্যবেক্ষণ বিরোধীদের আপত্তিকে আরও জোরালো করেছে।

মিছিল ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থারও সমালোচনা করেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। তার দাবি, সংসদ সদস্যরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চেয়েছিলেন; তাদের ঠেকাতে এত বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের প্রয়োজন ছিল না।

ফর্ম-৬ নিয়ে বিতর্কের সূত্রপাত নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে। সোমবার ভারতের সুপ্রিম কোর্ট জানায়, ফর্ম-৬-এর পরিবর্তিত কোনো সংস্করণকে তারা অনুমোদন দেয়নি। ফর্মে কোনো পরিবর্তন করা হয়ে থাকলে তা কার অনুমোদনে হয়েছে, সে বিষয়ে নির্বাচন কমিশনের নথি পরীক্ষা করার কথাও জানায় আদালত।

এর আগে নির্বাচন কমিশন দাবি করেছিল, এসআইআরের জন্য ফর্ম-৬-এর সঙ্গে যুক্ত ঘোষণাপত্রটি সুপ্রিম কোর্ট অনুমোদন করেছে। তবে এসআইআর প্রক্রিয়ার বাইরে প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্ম ব্যবহারের কথাও জানিয়েছিল কমিশন।

এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং নির্বাচন কমিশনের তিন সদস্যের মধ্যে মতপার্থক্যের খবরকে কেন্দ্র করেই বিরোধী দলগুলোর আন্দোলন চলছে। তবে কমিশন অভ্যন্তরীণ বিভাজনের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এসআইআর-সংক্রান্ত সিদ্ধান্তগুলো সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

‘ছাত্রদলে ছাত্র নেই’ মন্তব্যের জবাব দিলেন নাছির