,

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের বাধা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন একদল বিক্ষোভকারী। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
শনিবার দুপুরে কলকাতায় এ ঘটনা ঘটে বলে দ্য টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে।
বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির শতাধিক সন্ন্যাসী-সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের অর্ধশতাধিক কর্মী-সমর্থক অংশ নেন।
বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হলে নিরাপত্তার কারণে মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রম করে মিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতির কারণে মিশনসংলগ্ন ব্যস্ত সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
পুলিশের বাধায় বিক্ষোভকারীরা ডেপুটি হাইকমিশনের সামনে যেতে পারেননি। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মিশনে প্রবেশের সুযোগ পায়।
প্রতিনিধি দলটি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপি দেওয়ার পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।