ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে সমঝোতামূলক চুক্তিতে পৌঁছানো অথবা সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া—এই দুই পথের যেকোনো একটি বেছে নিতে হবে উল্লেখ করে ইরানকে সম্পূর্ণ ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন তিনি।
বৃহস্পতিবার আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান প্রসঙ্গে এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট জানান, ইরান ইস্যুতে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রে হয় তাদের সঙ্গে সমঝোতায় আসবে, না হয় কঠোর সামরিক শক্তি প্রয়োগ করবে।
নিজের বক্তব্যের ব্যাখ্যায় ট্রাম্প সরাসরি বলেন, “হয়তো তাদের উড়িয়ে দিতে হবে। আমাদের শিগগিরই এই সিদ্ধান্ত নিতে হবে—আমরা হয় তাদের উড়িয়ে দেব, না হয় একটি চুক্তি করব।” তিনি জোর দিয়ে আরও বলেন যে যেকোনো উপায়েই হোক না কেন, এই উত্তেজনাকর পরিস্থিতির দ্রুত সমাধান টানা হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের মাঝেই ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য সামনে এলো। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এবং সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা ঘিরে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে নতুন করে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।











