চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : দেশের চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বমানের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসকদের জন্য উচ্চতর প্রশিক্ষণ ও আন্তর্জাতিক ফেলোশিপের সুযোগ প্রসারিত করতে চীন ও পাকিস্তানসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক আলোচনা এগিয়ে চলেছে বলে জানান তিনি।
রাজধানীর তেজগাঁওয়ে ‘জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট’-এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং এটিকে ২৫০ শয্যায় উন্নীতকরণ কর্মসূচির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে চিকিৎসকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশের চিকিৎসকরা দিনরাত জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। একটি শক্তিশালী অর্থনীতি ও সমৃদ্ধ দেশ গড়তে সুস্থ জনগোষ্ঠীর বিকল্প নেই। তাই চিকিৎসার মতো মহৎ পেশার মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশের একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. হাসান জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বাংলাদেশ শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।











