বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ
অনলাইন ডেস্ক : বাংলা কিউআর ব্যবহার করে পণ্য ও সেবার মূল্য গ্রহণের ক্ষেত্রে বিক্রেতাদের কাছ থেকে নেওয়া ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে এই মাধ্যমে লেনদেনে বিক্রেতাদের আর ওই মাশুল দিতে হবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলা কিউআর ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও দীর্ঘমেয়াদে কার্যকর করতে ১ শতাংশ এমডিআর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৪০ লাখ মার্চেন্ট বাংলা কিউআর ব্যবহার করছেন। গত জুনে একক বাংলা কিউআর ব্যবহারের বাধ্যবাধকতা চালুর পর এ মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে। একই সময়ে লেনদেনের আর্থিক পরিমাণ বেড়েছে প্রায় পাঁচ গুণ।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, নিরাপদ, সহজ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই বাংলা কিউআরকে আরও বিস্তৃত করা হচ্ছে।
আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন আরিফ হোসেন খান। ওই দিন থেকে বাংলা কিউআর ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) লেনদেনের সুবিধা চালু হবে।
এর ফলে ব্যক্তি পর্যায়েও বিভিন্ন ব্যাংক ও আর্থিক ব্যবস্থার মধ্যে কিউআর কোডের মাধ্যমে আন্তঃলেনদেন আরও সহজ হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।











