তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে, তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ বা মাস ঠিক হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষেরই আগ্রহ রয়েছে। তবে সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ-ভারত সম্পর্কে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে এসব বিষয় নিয়ে আলোচনা ও সমাধানের সুযোগ তৈরি হবে।
ঢাকা-দিল্লি সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারত সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।











