সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি
অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ছয় বছর পর তার পোস্টমর্টেম নিয়ে নতুন দাবি করেছেন বোন শ্বেতা সিং কীর্তি। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি পোস্টমর্টেমের সঙ্গে যুক্ত এক ব্যক্তির বরাত দিয়ে অভিনেতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকার কথা জানান।
শ্বেতার দাবি, ওই ব্যক্তি তাকে জানিয়েছেন, সুশান্তের শরীরে বৈদ্যুতিক শক দেওয়ার মতো যন্ত্র ব্যবহারের চিহ্ন ছিল। তার একটি পা ভাঙা এবং শরীরে জোর প্রয়োগের চিহ্ন ছিল বলেও দাবি করেন তিনি। এমনকি অভিনেতার চোখেও আঘাতের কথা উল্লেখ করেছেন শ্বেতা।
তবে শ্বেতার এসব দাবির পক্ষে স্বাধীন কোনো প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এর আগে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হয়েছিল।
২০২৫ সালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) দাখিল করা তদন্ত প্রতিবেদন নিয়েও আদালতে শুনানি হয়। সেখানে বলা হয়েছিল, অন্য কারও প্ররোচনায় সুশান্ত আত্মহত্যা করেছেন—এমন কোনো তথ্য তদন্তে পাওয়া যায়নি।
সুশান্ত সিং রাজপুতকে ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ও দাবি সামনে আসে। পরে মামলার তদন্তভার নেয় সিবিআই।
এদিকে সুশান্তের সাবেক ব্যবস্থাপক দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনাতেও চলতি বছর নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেপ্টেম্বরে এ ঘটনায় কাউকে আসামি না করে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।











