পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
অনলাইন ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাঠটিতে অভিযান শুরু করে এসআরবি। অভিযানের একপর্যায়ে একটি ব্যাগের ভেতর বেশ কিছু বিস্ফোরক পাওয়া যায়। পরে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেল ও পেট্রোল বোমা নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাস্থলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছে।
এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ বলেন, উদ্ধার হওয়া কিছু বিস্ফোরক ইতোমধ্যে ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করা হয়েছে। আরও কিছু বিস্ফোরক সাধারণ মানুষের চলাচলের বাইরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হবে।
তবে এসব বিস্ফোরক সেখানে কীভাবে রাখা হয়েছিল বা এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। অভিযান ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।











