সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউর ৭ দেশের দূতের
অনলাইন ডেস্ক : বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)ভুক্ত সাত দেশের রাষ্ট্রদূত। সোমবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতে তারা এ প্রতিশ্রুতি জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান। জবাবে তাদের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বাণিজ্য, সুশাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূতরা। একই সঙ্গে বাংলাদেশ ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সমান সুযোগ তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।
বাংলাদেশের সাংবিধানিক, বিচার বিভাগীয় ও অন্যান্য সংস্কার কার্যক্রমেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান ইইউর প্রতিনিধিরা। রাষ্ট্রপতি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ইইউর মানবিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে ইইউর আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি। এ বিষয়ে নিজেদের সমর্থন অব্যাহত রাখার কথা জানান রাষ্ট্রদূতরা।
এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, নবায়নযোগ্য জ্বালানি, সবুজ রূপান্তর, অভিবাসন, শিক্ষা, সামুদ্রিক সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে মতবিনিময় হয়। গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখার পাশাপাশি বহুপাক্ষিক ফোরামে একসঙ্গে কাজ করার বিষয়েও উভয়পক্ষ সম্মতি জানায়।
সাক্ষাতে ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারসহ ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।











