,

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

news-image

অনলাইন ডেস্ক : নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতেও বলা হয়েছে।
রোববার রাতে কাঠমান্ডুতে এক সতর্কবার্তায় এ আহ্বান জানায় বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। অব্যাহত বৃষ্টিপাত ও তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি এবং যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে এসব এলাকায় উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে।
এরই মধ্যে নেপালের কর্তৃপক্ষ মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং উল্লেখযোগ্য।
বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ পাহাড়ি এবং ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনার আগে সর্বশেষ পরিস্থিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
যারা ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি নদীর তীর ও ভূমিধসের আশঙ্কা রয়েছে এমন স্থান এড়িয়ে চলা, যাত্রার আগে সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়া এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।