,

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন

news-image

অনলাইন ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ থেকে বঞ্চিত প্রার্থীদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এখনো ৮১৭ জনের ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই চলছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, নিয়োগের জন্য সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে কেউ কেউ ঠিকানা পরিবর্তন করেছেন। আবার অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এ কারণে নিয়োগপত্র দেওয়ার আগে তাদের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এ যাচাই কার্যক্রম পরিচালনা করছেন।
মন্ত্রী জানান, ৮১৭ জনের তথ্য যাচাই এখনো শেষ হয়নি। আগামী ১ অক্টোবর পর্যন্ত যেসব তথ্য পাওয়া যাবে, সেগুলো যাচাই করে এরপর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়ে তিনি বলেন, কিছু প্রতিবেদনের কারণে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, যাদের নিয়োগ নিয়ে অনিশ্চয়তার কথা বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, তাদের মধ্যেও কেউ কেউ পরে নিয়োগপত্র পেয়েছেন।
তিনি আরও বলেন, পুরো নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়া হবে। ফলে যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষ হওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্তে আসা ঠিক হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, যাচাই-বাছাই শেষে ঠিক কতজন নিয়োগের জন্য বিবেচিত হবেন, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ১ অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্য এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।