চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।











