সালমানের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক : ‘বিএনপি চাঁদাবাজ দল’—কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের এমন মন্তব্যকে ঢালাও অভিযোগ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলার পাশাপাশি সালমান এ বিষয়ে কোনো মামলা করেছেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ।
রোববার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান একদিকে দাবি করেছেন, তার কাছে কেউ চাঁদা চাননি; অন্যদিকে বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ ছাড়া এ ধরনের মন্তব্যের ভিত্তি নেই।
নিজের দিকেও ইঙ্গিত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাকস্বাধীনতার বিষয় হলেও অভিযোগকারী ব্যক্তি এ ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েছেন কি না, সেটি জানা প্রয়োজন।
তিনি জানান, সালমানের স্টুডিওতে হামলার ঘটনা পুলিশও দেখেছে এবং প্রাথমিকভাবে তদন্ত করেছে। তবে বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।
ঘটনাস্থল ক্যান্টনমেন্ট থানার মানিকদী নামাপাড়া এলাকায় উল্লেখ করে মন্ত্রী বলেন, সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে একটি বিল্ডার প্রতিষ্ঠান ও একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মধ্যে বিরোধ রয়েছে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বলেন, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতে জমিটি দখলের চেষ্টা করে। এ সময় সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই স্থাপনার একটি অংশে সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিও ছিল, সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি নিয়ে দুই পক্ষের বিরোধ ও দখল-বেদখলের ঘটনাকে কেন্দ্র করে মামলা করার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষ হলে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় শনিবার রাতে ও রোববার সকালে তিনজনকে আটক করা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় পর্যন্ত হামলার ঘটনায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এর আগে স্টুডিওতে হামলার পর সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাব ভাঙা অবস্থায় দেখা যায়। ভিডিওতে তিনি জানান, হামলায় তার পুরো স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।











