চাঁদাবাজদের ‘ভুলের ফল’ ভোগ করতে হবে: শফিকুর রহমান
অনলাইন ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হামলাকারীদের ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে রূপক অর্থে মন্তব্য করেছেন।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার একটি ভিডিও শেয়ার করে এ প্রতিক্রিয়া জানান তিনি।
পোস্টে শফিকুর রহমান লেখেন, কখনো কখনো চাঁদাবাজরা ভুল জায়গাকে লক্ষ্য করে এমন কর্মকাণ্ডে জড়ায়, যার ফল শেষ পর্যন্ত তাদের দিকেই ফিরে আসে।
তিনি আরও প্রশ্ন তোলেন, প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের ঘনিষ্ঠ বা সংশ্লিষ্ট চাঁদাবাজদের কীভাবে নিয়ন্ত্রণ করবেন। একই সঙ্গে সাম্প্রতিক একের পর এক ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে একদিন এসবের অবসান হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে শনিবার দিবাগত রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।











