ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, আক্রান্তের নতুন রেকর্ড
অনলাইন ডেস্ক : দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশালে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনায় ৩২৯ জন, ময়মনসিংহে ১৩২ জন, রাজশাহীতে ১৭৬ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি সেপ্টেম্বরের ২৭ দিনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৮৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন।
বছরের শুরু থেকে মৃতদের মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা গেছেন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৬ শতাংশ।











