স্টুডিও হামলায় ‘মূল পরিকল্পনাকারী’সহ গ্রেপ্তার ৪
অনলাইন ডেস্ক : রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে হামলার কথিত মূল পরিকল্পনাকারীও রয়েছেন।
রোববার দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্টুডিওটির জায়গা নিয়ে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে স্থানীয় কয়েকজন জমির মালিকের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে স্টুডিও তৈরি করেছিলেন সালমান মুক্তাদির। শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।
রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজের লাইভে সালমান জানান, কিছুক্ষণ আগে স্টুডিওতে হামলা হয়েছে এবং সেটি ভাঙচুর করে ধ্বংস করে দেওয়া হয়েছে। পরে তিনি ধারণা প্রকাশ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য ভবনের মালিকপক্ষ হতে পারে এবং তাদের কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিউ গিনি প্রপার্টিজ ওই এলাকায় একটি গেট নির্মাণ করে অন্যদের চলাচলে বাধা সৃষ্টি করেছিল। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে বিরোধী পক্ষের লোকজন সেখানে যায় বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। এক পক্ষ নিউ গিনি প্রপার্টিজ এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলে তিনি জানান।











