বিএনপি নেতা বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার রাতে রাজধানীর উত্তরায় অবস্থিত ওই হাসপাতালে গিয়ে অসুস্থ বিএনপি নেতার সঙ্গে দেখা করেন তিনি। বাচ্চু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত জটিলতায় ২০ সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় তার পক্ষ থেকে বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নিতে রাশেদ খাঁন হাসপাতালে যান। সেখানে তিনি কিছু সময় বাচ্চুর পাশে অবস্থান করেন এবং চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাইদুর রহমান বাচ্চুর হাতে ফুল ও ফলের ঝুড়ি তুলে দেন রাশেদ খাঁন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এ সাক্ষাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাচ্চু এবং সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকেও ধন্যবাদ জানান।
এর আগে ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাইদুর রহমান বাচ্চু। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।











