,

ট্রাম্পের প্রত্যাখ্যান, তবুও আলোচনার আহ্বান ইরানের

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক আলোচনাকেই কার্যকর পথ হিসেবে দেখছে ইরান। একই সঙ্গে নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার অবস্থানেও অনড় রয়েছে তেহরান।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি নির্ধারিত শর্ত পূরণের সঙ্গে সম্পর্কিত। বর্তমান অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইরান একটি শান্তি প্রস্তাব দেয়। কাতারের মধ্যস্থতায় প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছিল বলে জানায় তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ওই প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান।
হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ইরান চুক্তিতে আগ্রহী বলে মন্তব্য করে ট্রাম্প দাবি করেন, দেশটি কঠিন পরিস্থিতিতে পড়েছে বলেই এমন উদ্যোগ নিয়েছে।
তবে আরাগচি জানান, ইরানের কাছে এখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রত্যাখ্যানের তথ্য পৌঁছায়নি। তেহরান যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থান জানার অপেক্ষায় রয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালিতে হামলার অভিযোগকে কেন্দ্র করে ওয়াশিংটনের চাপের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে।
এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইরান মার্কিন শর্ত মেনে চলবে কি না, তা নিয়ে ট্রাম্পের সংশয় রয়েছে। তবে এর আগে এক মার্কিন কর্মকর্তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলে উল্লেখ করেছিলেন।
ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র সম্মত হলে হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য সাত দিনের একটি সময়সীমা শুরু হবে। পাশাপাশি আঞ্চলিক সংঘাতেও সাময়িক বিরতি আসতে পারে।
জাতিসংঘে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে আন্তরিক হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। এরপর উভয় পক্ষ সম্মত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারে।
সম্ভাব্য আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচিও উঠে আসতে পারে। ট্রাম্প দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। তবে রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শান্তি প্রস্তাব গ্রহণ করা হলেও পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে তেহরান কোনো ছাড় দিতে প্রস্তুত নয়।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন। তবে চাপ বা জবরদস্তির মাধ্যমে কোনো সমঝোতা মেনে নেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেছেন। তার বক্তব্য অনুযায়ী, ইরান যুদ্ধ চায় না; তবে হুমকি, চাপ ও হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার বজায় রাখবে।

 

এ জাতীয় আরও খবর

পৃথক মামলার সাজা একসঙ্গে ভোগের সুযোগ নেই

ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

পার্থ শেখ: জুটিপ্রথা থাকতেই হবে, এমন নয়

বিএনপি নেতা বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন রাশেদ খাঁন

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পর্যটনে বাড়ছে এআই, জোর দেওয়া হচ্ছে ডিজিটাল রূপান্তরে

সরকারের নাম ব্যবহার করে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

বিদায়ী বিশ্বকাপে সবকিছু উজাড় করতে চান কোহলি

যুক্তরাষ্ট্রে নরইস্টারে জনজীবন বিপর্যস্ত, জরুরি অবস্থা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা

বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস শীর্ষে: মাহ্দী আমিন

হাসান-খালেদের কেন্ট ফিরছে কাউন্টির শীর্ষ বিভাগে