বিদায়ী বিশ্বকাপে সবকিছু উজাড় করতে চান কোহলি
অনলাইন ডেস্ক : ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ হতে পারে—এই ভাবনাই তাকে আরও বেশি অনুপ্রাণিত করছে বলে জানিয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আসরে ভারতের লক্ষ্য থাকবে শিরোপা জেতা এবং সেই লক্ষ্যে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত তিনি।
অভিনব মুকুন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ভারতের হয়ে এটিই তার শেষ বিশ্বকাপ। তাই মাঠে নিজের সবটুকু উজাড় করে দেওয়াই এখন তার প্রধান প্রেরণা। বিশ্বকাপ জয়ের জন্য দলের প্রয়োজন অনুযায়ী যেকোনো ভূমিকা পালন করতেও প্রস্তুত বলে জানান তিনি।
২০২৭ বিশ্বকাপ নিয়ে কোনো অপূর্ণতা কাজ করছে কি না জানতে চাইলে কোহলি স্বীকার করেন, কিছুটা হলেও এমন অনুভূতি রয়েছে। বিশেষ করে ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের স্মৃতি এখনো তাকে কষ্ট দেয়।
সেই ম্যাচে ৫৪ রানে ব্যাট করছিলেন কোহলি। বড় ইনিংস খেলার পরিকল্পনা থাকলেও প্যাট কামিন্সের বলে আউট হয়ে যান তিনি। তার বিশ্বাস ছিল, বড় স্কোর গড়ে ভারত ম্যাচটি জয়ের অবস্থানে যেতে পারবে। কিন্তু তার আউটের পর ম্যাচের পরিস্থিতি বদলে যায়। দীর্ঘ সময় ধরে সেই মুহূর্তটি তাকে ভাবিয়েছে বলেও জানান তিনি।
তবে ২০২৩ বিশ্বকাপের পুরো আসরটিকেই অসাধারণ হিসেবে দেখেন কোহলি। দলের মধ্যে দারুণ ঐক্য ছিল এবং সবাই একে অপরের জন্য খেলছিল বলে জানান তিনি। হার্দিক পান্ডিয়ার চোটকে বড় ধাক্কা হিসেবে উল্লেখ করলেও মোহাম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে দল নতুন আত্মবিশ্বাস পেয়েছিল বলে জানান কোহলি।
২০২৭ বিশ্বকাপের ফাইনালে ম্যাচজয়ী ইনিংস খেলে দলকে শিরোপা এনে দিতে পারলে সেটিকে নিজের ক্যারিয়ারের আদর্শ সমাপ্তি হিসেবে দেখেন তিনি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলকে বিশ্বকাপ জেতানোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে স্পষ্ট করেছেন।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেটে খেলছেন কোহলি। এতে এই সংস্করণে আরও মনোযোগ দেওয়ার সুযোগ পেয়েছেন বলে মনে করেন তিনি। ২০২৫ সালের আগে ওয়ানডেতে তার ব্যাটিং গড় ছিল ৫৮.১৮, যা এখন বেড়ে ৫৮.৫৯ হয়েছে। একই সময়ে প্রতি ১০০ বলে রান করার হারও ৯৩.৫৪ থেকে বেড়ে ৯৯.৮০ হয়েছে।
নিজের ব্যাটিং পদ্ধতিতেও পরিবর্তন আনার কথা জানিয়েছেন কোহলি। এখন সেট হয়ে যাওয়ার পর ইনিংসকে আরও এগিয়ে নিতে ঝুঁকি নেওয়ার চেষ্টা করেন তিনি। তার লক্ষ্য থাকে অতিরিক্ত ৩০-৪০ রান করে ম্যাচের গতিপথে বড় প্রভাব রাখা।
আধুনিক ওয়ানডেতে দলগুলো ৩৪০ থেকে ৩৫০ রান করার লক্ষ্য নিয়ে খেলছে উল্লেখ করে কোহলি বলেন, ভারতও ৩৫০-৩৬০ রান করার সামর্থ্য রাখে। তাই দীর্ঘ সময় ক্রিজে থেকে শেষ দিকে আরও আক্রমণাত্মক ব্যাটিং করার স্বাধীনতা অর্জন করাই তার বর্তমান পরিকল্পনা।











