বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস শীর্ষে: মাহ্দী আমিন
অনলাইন ডেস্ক : জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সম্ভাবনার বিষয়গুলো বিশ্বদরবারে তুলে ধরেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তার দাবি, এ সফরের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ আরও দৃঢ় হয়েছে।
রোববার সকালে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহ্দী আমিন।
তিনি বলেন, চার দিনের সফরে প্রধানমন্ত্রী স্বল্পসংখ্যক সফরসঙ্গী নিয়ে মোট ৩০টি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক ছিল। ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠকেও তিনি অংশ নেন বলে জানান মাহ্দী আমিন।
মাহ্দী আমিনের ভাষ্য, জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নারী ও তরুণদের উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে বিশ্ব শান্তি, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে।
ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বক্তব্য দিতে উঠলে বাংলাদেশি প্রতিনিধিদল অধিবেশন থেকে বের হয়ে প্রতিবাদ জানায়। মাহ্দী আমিন এটিকে বিশ্ব শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থানের প্রকাশ হিসেবে উল্লেখ করেন।
সফরকালে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ আয়োজিত দুটি অনুষ্ঠানের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান। রোহিঙ্গা সংকটের সমাধানে আসিয়ানভুক্ত দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়ার কথাও বলেন তিনি।
বোয়িং চুক্তি নিয়ে যা বললেন
যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে উড়োজাহাজ কেনার চুক্তি প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, কোনো চাপের কারণে নয়, দুই দেশের পারস্পরিক স্বার্থ বিবেচনায় নিয়ে চুক্তিটি করা হয়েছে। চুক্তি স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী উপস্থিত না থাকলেও বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এটি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এ সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘স্ট্র্যাটেজিক সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন’ নিয়েও একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানান মাহ্দী আমিন।
মিরপুরের ঘটনা নিয়েও বক্তব্য
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহ্দী আমিন বলেন, এ ঘটনায় দ্রুত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের বা কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের কোথাও বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।











