সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক :প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। প্রয়োজন অনুযায়ী আইনটিতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) আয়োজনে ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে গণমাধ্যমের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে কার্যকর ব্যবস্থা প্রয়োজন। এ জন্য মানুষের মধ্যে গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বা মিডিয়া লিটারেসি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
প্রস্তাবিত আইন প্রসঙ্গে তিনি বলেন, এটি এখনো চূড়ান্ত পর্যায়ে যায়নি। ফলে আইনটি নিয়ে আরও আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে।
বর্তমানে অনলাইনভিত্তিক সাংবাদিকতার বিভিন্ন নতুন ধারা তৈরি হওয়ায় এসব কার্যক্রমকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতা ও মনিটাইজেশনের বিষয়গুলো নিয়েও নীতিগত কাঠামো তৈরির কথা বলেন তিনি।
গুজব, মিথ্যা তথ্য বা অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে ডা. জাহেদ বলেন, আইন প্রয়োগে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে একই কাঠামোর মধ্যে ব্যবস্থা নেওয়া উচিত।
আলোচনায় নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান চৌধুরী প্রস্তাবিত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, নতুন এই আইন গণমাধ্যমের বিদ্যমান সংকট আরও বাড়াতে পারে এবং সাংবাদিকদের কাজের ক্ষেত্র সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
জবাবে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের পক্ষ থেকে যেসব উদ্বেগ ও মতামত তুলে ধরা হয়েছে, সরকার সেগুলো বিবেচনায় নেবে। তিনি নিজেও সংশ্লিষ্টদের বক্তব্য সরকারের কাছে তুলে ধরার উদ্যোগ নেবেন বলে জানান।
তিনি আরও বলেন, প্রস্তাবিত আইনটি বর্তমান রূপেই চূড়ান্ত হলেও আগের সরকারের মতো করে এটি প্রয়োগ করা হবে না।











