রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে
অনলাইন ডেস্ক : ঢাকার মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।
মামলার তদন্ত কর্মকর্তা শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আতোয়ার রহমান আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অর্থের বিনিময়ে হামলায় অংশ নেওয়ার বিষয়ে তাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়। তবে তাদের দেওয়া পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, আসামিরা জামিনে মুক্তি পেলে তদন্তে প্রভাব বিস্তার বা বাধা সৃষ্টি করতে পারেন এবং পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব কারণে তাদের কারাগারে রাখার আবেদন করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল ব্যক্তি হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করে। তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার ও মো. আব্দুল হাইকে মারধর করে বেঁধে রাখে।
পরে হামলাকারীরা ফটক ভেঙে একটি এক্সাভেটর নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। তারা বিভিন্ন সেমিপাকা কক্ষ, ক্লিনিকের দায়িত্বশীল কর্মকর্তা ও চিকিৎসকদের কক্ষসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর সেখান থেকে দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারিসহ বিভিন্ন ওষুধ ও সামগ্রী নিয়ে যাওয়া হয়। নৈশপ্রহরীদের হুমকি দেওয়ার পাশাপাশি সেখানে সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগানোর অভিযোগও রয়েছে।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শুক্রবার শাহআলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।











