জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক
অনলাইন ডেস্ক : রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটক ব্যক্তিদের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাদের পল্টন থানায় নেওয়া হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, জাসদের কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি সেখানে বহিরাগতদের উপস্থিতি ও বৈঠক চলার তথ্য পাওয়া যায়। এ কারণে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়েছে।
তিনি জানান, অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও পাওয়া তথ্য বিশ্লেষণের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অভিযান তখনও চলছিল বলে জানান তিনি।
তবে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন পুলিশের বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। তার দাবি, সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে তিনশ নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ে প্রতিনিধি সভা চলছিল। এ সময় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়।
কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো গোপন বৈঠক চলছিল—এমন অভিযোগও অস্বীকার করেন সাজ্জাদ হোসেন। তিনি বলেন, জাসদের প্রতিনিধি সভাকে কেন্দ্র করেই সেখানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, হেফাজতে নেওয়া ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।











