ট্রাম্প-শি বৈঠকে সম্পর্ক উন্নয়নে জোর
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে দুই দেশের বিরোধপূর্ণ বিষয়গুলো কিছুটা পাশ কাটিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
চীনা প্রেসিডেন্টের তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই নেতা বৈঠকে বসেন। বৈঠক শেষে ট্রাম্প এটিকে ‘দারুণ বৈঠক’ হিসেবে উল্লেখ করেন।
ইরান, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে মতপার্থক্য রয়েছে। এর মধ্যেও দুই দেশের মধ্যে সংলাপ বাড়ানো এবং উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ট্রাম্প বলেন, ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় থেকেই শি জিনপিংয়ের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পারস্পরিক সম্মান এবং দুই দেশের জনগণের গুরুত্বপূর্ণ স্বার্থকে এ সম্পর্কের ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বেড়েছিল। এতে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে দুই দেশই উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করে।
বৈঠকের পর শি জিনপিং দুই দেশকে ‘থুসিডাইডিস ট্র্যাপ’ এড়ানোর আহ্বান জানান। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ধারণার মাধ্যমে উদীয়মান শক্তি ও বিদ্যমান প্রভাবশালী শক্তির মধ্যে সংঘাতের সম্ভাবনাকে বোঝানো হয়।
শি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা এমন হওয়া উচিত নয় যেখানে একটি দেশ অন্য দেশকে পরাজিত করার চেষ্টা করবে। বরং দুই দেশেরই পাশাপাশি এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। প্রতিযোগিতা স্বাস্থ্যকর হওয়া এবং নির্দিষ্ট সীমার মধ্যে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।











