দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
অনলাইন ডেস্ক : ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার দুপুরের আগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।











