ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত
অনলাইন ডেস্ক : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের মানুষের উদ্বেগের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনিদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ আগের মতোই দৃঢ় সমর্থন জানাচ্ছে।
ভাষণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও যুদ্ধের প্রভাব নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, মানবসৃষ্ট সংঘাতের কারণে বহু দেশে অস্থিরতা তৈরি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে মানবিক সংকট দেখা দিয়েছে।
যুদ্ধ ও সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতিও চাপে পড়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জ্বালানি নিরাপত্তা সংকট, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং মূল্যস্ফীতির কারণে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও জানান তিনি।
সংঘাত সমাধানে কূটনীতির ওপর জোর
সংঘাত নিরসনে আলোচনা, কূটনৈতিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সমতা, ন্যায়, পারস্পরিক স্বার্থ এবং একে অপরের সম্মান ও মর্যাদার প্রতি শ্রদ্ধা।
তারেক রহমান বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিপূর্ণ ও মানবিক বিশ্বব্যবস্থা দেখতে চায়, যেখানে অস্ত্রের পরিবর্তে যুক্তি, কূটনীতি, শিক্ষা ও মানবতা পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজ করবে।
এ ধরনের সমঝোতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখতে চায় বাংলাদেশ বলেও জানান তিনি।
বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের অর্থ সামরিক ব্যয়ে সরিয়ে নেওয়ার প্রবণতা বিশ্বশান্তির জন্য বাধা বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ পূর্ণ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। একই সঙ্গে বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে জাতিসংঘের বিভিন্ন উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।











