রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড
অনলাইন ডেস্ক : রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক এ বি এম আব্দুল্লাহ খালেদ সাকিব রাকিবুলের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে তিনি রিমান্ডের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামির আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কথোপকথন শোনা যায় বলে জানা গেছে।
অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে ডিএমপি তিন সদস্যের একটি কমিটি গঠন করে। পরে কমিটির সদস্যরা রাকিবুলকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এরপর ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় রাকিবুলকে গ্রেপ্তার দেখানো হয়।











