ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি নিয়ে আলোচনা
অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, রেমিট্যান্স, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের ওপর যে প্রভাব পড়ছে, তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ ইরানের প্রেসিডেন্টের কাছে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৮০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। সংঘাতের কারণে তাদের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
হরমুজ প্রণালিতে বাংলাদেশের পণ্যবাহী কয়েকটি জাহাজ আটকে থাকার বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়। সংঘাতের অবসানের পর এসব জাহাজের চলাচল স্বাভাবিক করা এবং বাংলাদেশ যাতে বড় ধরনের জ্বালানি সংকটে না পড়ে, সে বিষয়ে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের উদ্বেগগুলো ইরানের প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে শুনেছেন। পশ্চিম এশিয়ার অন্যান্য অংশীদারদের পক্ষ থেকেও বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান বজায় রেখে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।
তিনি জানান, জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখার চেষ্টা করছে। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটিও সেই প্রচেষ্টার অংশ।
বৈঠকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন।











