পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
অনলাইন ডেস্ক :বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি করা কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবির ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার এবং একই দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবির ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে একই পদে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার গ্রহণ না করলে ৪ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।











