সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়
অনলাইন ডেস্ক : সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই এলাকার বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগতভাবে চিকিৎসা দেওয়ার সুযোগ থাকবে না।
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নেওয়া সিদ্ধান্তের অংশ হিসেবে এ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম বুধবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, ওই সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি না দেওয়ার ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ওই সীমার মধ্যে থাকা বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্র্যাকটিসের বিষয়েও নিষেধাজ্ঞা কার্যকর হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সভার কার্যবিবরণীর ভিত্তিতেই সিদ্ধান্তটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।











