বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল
অনলাইন ডেস্ক : সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, নির্ধারিত ১৭ পয়সার বেশি ভাড়া নেওয়া হলে জরিমানার পাশাপাশি রুট পারমিটও বাতিল করা হতে পারে।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে প্রচলিত আইন অনুযায়ী জরিমানা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিবহনকে ভবিষ্যতে নতুন করে রুট পারমিট না দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের ব্যাখ্যায় শেখ রবিউল আলম বলেন, প্রচলিত জাতীয় ও আন্তর্জাতিক হিসাব অনুযায়ী প্রতি লিটার জ্বালানির দাম এক টাকা বাড়লে বাস ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ানোর নিয়ম রয়েছে। সেই হিসাবে জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ায় ভাড়া ২০ পয়সা বাড়ানোর সুযোগ ছিল। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার পর ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, নির্ধারিত ১৭ পয়সার বাইরে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে নিয়মিত নজরদারি করা হবে বলেও জানান তিনি।
রেল ও নৌযানের ভাড়া বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া নিয়ে বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের ওপর চাপ কমাতে ট্রেনের ভাড়া না বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠক শেষে বাসের নতুন ভাড়ার হার জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
নতুন নির্ধারিত হার অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।











