বাস ভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা
অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বাস ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা বাড়বে।
মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায়ও বাস ভাড়া বাড়ানো হয়েছে। সেখানে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বৈঠক শেষে সংসদ সদস্য ও শ্রমিকনেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। আলোচনার পর সেই প্রস্তাব থেকে ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। ভাড়া বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকে বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান।
এর আগে গত রোববার রাতে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়।
নতুন দরে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। কেরোসিন ১৩৫ থেকে বেড়ে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সোমবার পরিবহন মালিকরা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দেন। তারা প্রতি কিলোমিটারে ১৮ থেকে ২০ পয়সা ভাড়া বৃদ্ধির সুপারিশ করেন। ওই দিন সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।











