জাতিসংঘের মঞ্চে তারেক রহমান
অনলাইন ডেস্ক : বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘের বিশেষ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে আয়োজিত প্রাতরাশেও অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সাধারণ পরিষদের অধিবেশনে তারেক রহমান বাংলাদেশের মানুষের অধিকার, দেশের স্বার্থ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। আগামী বৃহস্পতিবার সাধারণ অধিবেশনে তার আনুষ্ঠানিক ভাষণ দেওয়ার কথা রয়েছে।
নিউইয়র্কে পৌঁছানোর পর সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা, দেশের স্বার্থ সুরক্ষা এবং জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্বমঞ্চে তুলে ধরা হবে।
তিনি জানান, দীর্ঘ সময় পর জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই জাতিসংঘ সফর অনুষ্ঠিত হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, অতীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন। সেই ধারাবাহিকতায় এবার তাদের সন্তান হিসেবে তারেক রহমানও বাংলাদেশের স্বার্থ ও অধিকারের বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবেন।
মাহদী আমিন আরও জানান, এবারের সফরটি সময়ের দিক থেকে সংক্ষিপ্ত। যাতায়াতের সময় বাদ দিলে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর অবস্থান হবে চার কর্মদিবস। এ সময়ে তিনি একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
সফরসঙ্গীদের বিষয়েও তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ৩৫ সদস্যের আনুষ্ঠানিক প্রতিনিধি দল রয়েছে। এর বাইরে প্রয়োজনীয় গণমাধ্যমকর্মী, নিরাপত্তাকর্মী ও ব্যক্তিগত স্টাফরা রয়েছেন। সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, সফরের প্রধান লক্ষ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। ফলে এ ধরনের দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আলাদা সময় পাওয়ার সুযোগ সীমিত।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।











