জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই
নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত জড়িত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, গত দুই-তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। তবে অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। বর্তমান উচ্চমূল্য দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনা থাকলেও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকি রয়েছে।
জ্বালানি তেলের দাম সমন্বয়ের পেছনে বিশ্ববাজারের অস্থিরতার পাশাপাশি দেশের ভর্তুকির চাপকেও কারণ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হবে। এ কারণে সরকারের প্রতি জনগণের সহনশীলতা প্রত্যাশা করছেন তিনি।
ডা. জাহেদের ভাষ্য অনুযায়ী, প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানো হলে বছরে সরকারের ভর্তুকির পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা কমতে পারে।
তিনি বলেন, সরকারের পক্ষেও সীমাহীন ভর্তুকি দেওয়া সম্ভব নয়। তাই বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের মাধ্যমে ভর্তুকির চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।











