,

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে ব্রিটেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের অনুরোধে দেশটিকে সীমিত সময়ের জন্য প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে সাংবাদিকদের তিনি জানান, সৌদি আরবের কাছ থেকে সামরিক সহায়তার অনুরোধ পাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শে সেটি অনুমোদন করেছেন তিনি।

বার্নহ্যামের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব হামলার ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যোগাযোগের পথ সচল রাখা এবং সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতায় সহায়তা করতেই ব্রিটেন অনুরোধে সাড়া দিয়েছে।

সহায়তার অংশ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে একটি ‘ভয়েজার’ সামরিক উড়োজাহাজ সৌদি আরবে পাঠানোর পরিকল্পনা রয়েছে। বিমানটি আকাশে থাকা যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহে সহায়তা করবে।

ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুতিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরব ব্রিটেনের কাছে এই সহায়তা চেয়েছে বলে জানানো হয়েছে। একই সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাবেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়েছে।

বার্নহ্যাম জানান, সৌদি আরবকে দেওয়া সামরিক সহায়তা নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকবে। পরিস্থিতি বিবেচনায় এর প্রয়োজনীয়তা নিয়মিত পর্যালোচনা করা হবে।

যুক্তরাজ্য ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে। সৌদি আরবের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশও যুক্তরাজ্য।

এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষায় চলতি বছরের শুরুতে দেশটিতে ‘স্কাই সাবর’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল ব্রিটেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাজ্য তার ভূমিকা পালন করছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রচেষ্টাতেও ব্রিটেন সহযোগিতা করছে।