এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে সাবেক জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে তার বাবা মাসুম বিল্লাহর পৈতৃক বাড়িতে মরিয়মকে দাফন করা হয়। এর আগে রাত ১১টার দিকে মরদেহটি সেখানে পৌঁছায়।
ঢাকা থেকে দুপুরে রওনা দেওয়া অ্যাম্বুলেন্স রাত সাড়ে ১০টার দিকে নীলডুমুর খেয়াঘাটে পৌঁছায়। পরে ইঞ্জিনচালিত নৌকায় করে মরিয়মের মরদেহ বাবার বাড়িতে নেওয়া হয়।
স্থানীয় মসজিদের ইমাম নুরুল হুদা জানাজার নামাজ পড়ান। এতে মরিয়মের বাবা, পরিবারের স্বজন এবং স্থানীয় প্রায় ২০ থেকে ২৫ জন মুসল্লি অংশ নেন।
তবে জানাজায় গাজী নজরুল ইসলামের পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি।
দাফন ও জানাজার সময় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধসহ পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি নির্ধারিত ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।











