আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩
অনলাইন ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ সোমবার কুনার ও পাকতিকা প্রদেশে এই হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে দুই দেশের সম্পর্কে নতুন করে বড় ধরনের উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।
আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কুনারের নুরগাল জেলায় একটি আবাসিক ভবনে হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া পাকতিকা জেলাতেও হামলা চালিয়ে একটি দোকান ও পরিত্যক্ত ঘরবাড়ি ধ্বংস করা হয়। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তাদের দাবি, এসব হামলায় অন্তত ২৮ জন জঙ্গি নিহত হয়েছে। তবে কাবুলের পক্ষ থেকে কেবল বেসামরিক নাগরিকদের হতাহতের কথাই নিশ্চিত করা হয়েছে। বেশ কিছুদিন ধরে সীমান্তে জঙ্গি অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।











