বিশ্বমঞ্চে দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়াকে ক্ষমতার প্রদর্শন নয়, বরং বাংলাদেশের স্বার্থ রক্ষার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, এটি একটি কাজের সফর, যেখানে কোনো ধরনের আড়ম্বর নেই।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সকালে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সফরটি অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র ছয় দিনের। ভ্রমণ সময় বাদ দিলে তিনি চার দিনে টানা নানা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেবেন। সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন মাত্র ৩৫ জন আনুষ্ঠানিক প্রতিনিধি, যার মধ্যে মন্ত্রী, উপদেষ্টা ও নিরাপত্তাকর্মীসহ প্রয়োজনীয় ব্যক্তিবর্গ রয়েছেন।
মাহ্দী আমিন আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে জনগণের কথা বলবেন তারেক রহমান। একই সঙ্গে এই অধিবেশনের সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যা একটি অনন্য দৃষ্টান্ত। দীর্ঘদিন পর নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রতিনিধি হিসেবে এই সফর বাংলাদেশের মর্যাদা ও স্বার্থকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি মত প্রকাশ করেন।











