৯৯ বিচারককে একযোগে বদলি
অনলাইন ডেস্ক : সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে সারাদেশের বিভিন্ন পর্যায়ের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়। বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুই জন সিনিয়র সিভিল জজ এবং দুই জন সিভিল জজ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃতদের মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জন বিচারককে বিভিন্ন জেলায় চিফ লিগ্যাল এইড অফিসার পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও অতিরিক্ত জেলা জজ পর্যায়ের বেশ কয়েকজন বিচারককে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন মন্ত্রণালয় ও অন্যান্য প্রশাসনিক দপ্তরে পদায়ন করা হয়েছে। নির্দেশনায় আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।











