হোটেলের মতো ঘন বুটের ডাল ঘরেই
অনলাইন ডেস্ক : হোটেলে বুটের ডালের ঘনত্ব, মসৃণতা আর মসলার ঘ্রাণ অনেকেরই পছন্দ। তবে কিছু সহজ কৌশল অনুসরণ করলেই ঘরেও একই ধরনের স্বাদ ও ঘনত্বের ডাল রান্না করা সম্ভব। ভাতের পাশাপাশি রুটি, পরোটা কিংবা নানের সঙ্গেও এটি খেতে দারুণ লাগে।
প্রথমে এক কাপ বুটের ডাল ভালোভাবে ধুয়ে অন্তত চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখলে আরও ভালো ফল পাওয়া যাবে। এরপর ডাল আবার ধুয়ে রান্নার পাত্রে নিন।
ডালের সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পেঁয়াজ কুচি, ৫-৬টি কাঁচা মরিচ, দুটি তেজপাতা, কয়েক টুকরো দারচিনি ও ২-৩টি এলাচ দিন। এরপর দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া, এক চা চামচ করে হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া মেশান। সঙ্গে সামান্য তেল ও দুই চা চামচ আদা-রসুনের পেস্ট দিয়ে প্রয়োজনমতো পানি যোগ করুন।
পাত্র ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে নরম ও ঘন হয়ে এলে চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন। ডাল যত ভালোভাবে সিদ্ধ হবে, এর মাখামাখা ভাব তত বেশি হবে।
এরপর তৈরি করতে হবে সুগন্ধি বাগার। একটি প্যানে এক কাপ তেল গরম করে এক চা চামচ আস্ত জিরা ও ৩-৪টি শুকনো মরিচ দিন। ফোড়নের ঘ্রাণ বের হলে এক কাপ পেঁয়াজ কুচি ও একটি ছোট রসুন দিয়ে ভাজতে থাকুন।
পেঁয়াজ ও রসুন বাদামি হয়ে এলে বাগারটি সরাসরি রান্না করা ডালের ওপর ঢেলে দিন। হালকা হাতে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না করুন। অতিরিক্ত নেড়ে দিলে ডালের কাঙ্ক্ষিত ঘনত্ব নষ্ট হতে পারে।
সবশেষে চুলা বন্ধ করে পাত্রটি দুই-তিন মিনিট ঢেকে রাখুন। এতে বাগারের সুগন্ধ ও মসলার স্বাদ পুরো ডালে ভালোভাবে মিশে যাবে।
এভাবেই তৈরি হবে ঘন, মাখামাখা ও সুগন্ধি বুটের ডাল। পরিবেশনের আগে একটি কাঁচা মরিচ যোগ করলে স্বাদ ও ঘ্রাণ আরও বাড়বে।











