,

১০ বাংলাদেশি গ্রেপ্তার নেপালে

news-image

অনলাইন ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনক ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ৭ সেপ্টেম্বর থামেল এলাকার কয়েকটি হোটেল ও গেস্টহাউস থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম নেপাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল ঢাকা এক্সপ্রেস, হোটেল ডি ভেদা ও হোটেল আল রহমানসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তাদের কালিকাস্থানের অভিবাসন বিভাগে পাঠানো হয়েছে।

নেপালের ইমিগ্রেশন বিভাগের পরিচালক টিকরাম ঢাকাল জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অন্তত একজনের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশটিতে অবস্থানের তথ্য পাওয়া গেছে। অন্যদের ভিসার বৈধতা ও নেপালে তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা থামেলের ‘মুসলিম তোল’ এলাকায় অবস্থান করছিলেন। মারামারি এবং ভিসার শর্তের বাইরে কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তদন্ত করা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফাহিমা আক্তার হাসান, মাহমুদ, মাহবুব হাসান, রিপন মাহমুদ, মো. কারামত আলী খান, শহিদুর রহমান, মো. খলিলুর রহমান, আরিফুর রহমান, মো. মারুফ মৃধা ও মোহাম্মদ হানিফ মিয়া।

পুলিশ জানিয়েছে, তাদের সঙ্গে সংশ্লিষ্ট খাতুন-এ-জান্নাত নামে আরও একজন বর্তমানে নিখোঁজ রয়েছেন।

এর আগে বাংলাদেশি নাগরিকদের নেপালে নিয়ে গিয়ে উন্নত দেশে পাঠানোর প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের ঘটনাও তদন্ত করেছে নেপালের কর্তৃপক্ষ। সর্বশেষ গ্রেপ্তারের ঘটনাতেও তদন্ত অব্যাহত রয়েছে।