দুর্গন্ধে মিলল আইনজীবীর অর্ধগলিত মরদেহ
অনলাইন ডেস্ক : রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন (৪৩) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের বউবাজার এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। আনোয়ার ওই বাসায় একাই থাকতেন। তার পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্রামের বাড়িতে থাকেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার সকালে পাশের বাসার এক ভাড়াটিয়া কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ পান। পরে দরজার কাছে গিয়ে উঁকি দিলে আনোয়ারকে বিছানায় পড়ে থাকতে দেখেন। দরজা সামান্য ধাক্কা দিতেই খুলে যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
লালবাগ থানার পুলিশ জানায়, আনোয়ার ঘরের মেঝেতে বিছানা করে থাকতেন। সেখানেই তার মরদেহ পাওয়া যায় এবং শরীরে পচন ধরেছিল। পাশে একটি প্লেটে কিছু খাবার ছিল। এছাড়া ঘটনাস্থলে ইয়াবাসহ মাদক সেবনের কিছু আলামতও পাওয়া গেছে।
আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনে তার একটি চেম্বার রয়েছে। তবে তিনি নিয়মিত আদালতে যেতেন না বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ার দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন এবং মাদক সেবনের অভ্যাস ছিল। বাসায় একাই মাদক সেবন করতেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।











