দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক : দেশকে পুনর্গঠনের কাজে দেশের তরুণ সমাজ একযোগে এগিয়ে এলে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় ২৩ লাখ স্কাউট, ২২ হাজার বিএনসিসি সদস্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় চার কোটি শিক্ষার্থী রয়েছে। এত বিপুলসংখ্যক মানুষ দেশ গড়ার কাজে যুক্ত হলে দেশের পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনের দায়িত্ব এখন তরুণদের নিতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ যে পরিবর্তন ঘটাতে পারে, তা তারা বিশ্বকে দেখিয়েছে। এবার সেই শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ সফলতা সম্ভব না হলেও সম্মিলিত প্রচেষ্টায় ৮০ শতাংশ পর্যন্ত সমস্যা মোকাবিলা করা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় পরিত্যক্ত ভাঙাচোরা জিনিস ও পাত্রে পানি জমে এডিস মশার breeding ground তৈরি হয়। তাই নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার রাখার ওপর জোর দিতে হবে।
তিনি বলেন, প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা সময় দিয়ে সবাই যদি নিজ নিজ বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার করেন, তাহলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব। যেখানে-সেখানে ময়লা না ফেলার বিষয়ে অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ পরিষ্কার রাখার বিষয়টি শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত নয়; এর সঙ্গে পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক সুস্থতা জড়িত। তাই সবাইকে নিজেকে, পরিবারকে এবং সমাজকে সুস্থ রাখার দায়িত্ব নিতে হবে।
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ২০২৪ সালে তারা পরিবর্তনের সক্ষমতা দেখিয়েছে। এবার দেশ ও রাষ্ট্রকে পুনর্গঠনের কাজে সেই তরুণ শক্তিকে কাজে লাগাতে হবে।











