মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
অনলাইন ডেস্ক : রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে বলেছেন, চিকিৎসাসেবায় অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।
শুক্রবার সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় মন্ত্রী জানতে পারেন, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেক রোগীকে বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এতে রোগীদের নিজেদের অর্থ খরচ করতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সাখাওয়াত হোসেন বলেন, রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ বরাদ্দ দিচ্ছে এবং হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে। এরপরও রোগীদের বাইরে পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি জানান, ডেঙ্গু শনাক্তের জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা রয়েছে। রোগীদের কাগজপত্র পর্যালোচনা ও তাদের সঙ্গে কথা বলে বাইরে থেকে পরীক্ষা করানোর বিষয়টি তিনি জানতে পেরেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রোগী ও সেবাপ্রত্যাশীদের ক্ষোভের বিষয়টি নজরে আসার পর নিজেই হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় রোগীরা তার কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেবার মান উন্নয়নের দাবি জানান।
রোগীদের অভিযোগ শুনে মন্ত্রী আশ্বস্ত করেন, হাসপাতালের অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান কঠোর বলেও জানান তিনি।
এ সময় হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।
এ ছাড়া দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরুর কথাও জানান তিনি। ১২ সেপ্টেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।











